নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাসার বিদ্যুতের সংযোগ তার চুরির মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরিকৃত তার থেকে বের করা বিপুল পরিমাণ তামা ও রড উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—বারান্দিপাড়া এলাকার সজীব ও শহরের হাইকোর্ট মোড়ের ‘সেতু ট্রেডার্স’ নামের একটি ভাঙাড়ি দোকানের মালিক তুহিন। শুক্রবার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর উপশহরের বাসার বিদ্যুতের সংযোগ তার চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীবকে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব চুরির কথা স্বীকার করে এবং চুরি করা মালামাল বিক্রির স্থান সম্পর্কে তথ্য দেয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাইকোর্ট মোড় এলাকা থেকে ভাঙাড়ি দোকানদার তুহিনকে আটক করা হয়। শনিবার সকালে আটক দুইজনকে সঙ্গে নিয়ে পুলিশ সেতু ট্রেডার্সে অভিযান চালিয়ে ভেতরের সংরক্ষিত তামা ও রড উদ্ধার করে।
পুলিশ জানায়, চোর চক্রটি বিদ্যুতের তার সরাসরি বিক্রি না করে ভেতরের তামা বের করে বিক্রি করত। আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে এক দিনের রিমান্ডের আবেদনসহ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।