কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রোববার (২ আগস্ট) বিকেল ৩টায় কোটচাঁদপুর পৌরসভা ব্রিজঘাট মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কোটচাঁদপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও কোটচাঁদপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মুহাম্মদ শরিফুল ইসলাম। তিনি বলেন, “দেশে পুনরায় ফ্যাসিবাদ রুখতে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা জরুরি।”
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখার পাশাপাশি ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।