নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে করা মামলাটি কোতোয়ালি থানায় রুজু হয়েছে। রোববার রাতে কোতোয়ালি থানায় অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলার আসামিরা হলো—যশোর শহরের বেজপাড়া এলাকার পিয়ারী মোহন রোডের মৃত কাজী সদরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুমন এবং মৃত আব্দুল বারীর ছেলে মামুন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামিদের সঙ্গে বাদী অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম ও তার পরিবারের দীর্ঘদিনের পূর্বশত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত ৩০ জুন বিকেলে আইনজীবী সমিতি থেকে বাড়ি ফেরার পথে রেলগেট মডেল মসজিদের সামনে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে। সেখানে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সে সময় চাঁদার টাকা না দিলে তার স্ত্রী ও কন্যার ক্ষতি করা হবে বলে হুমকি দিয়ে ৭ দিনের সময় বেঁধে দেয় আসামিরা।
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত ৬ জুলাই দুপুরে আসামিরা বাদীর বেজপাড়ার বাসভবনে হামলা চালায়। হামলাকারীরা দরজায় লাথি মারতে থাকে এবং বাদীর স্ত্রী দরজা খোলামাত্র ঘরে ঢুকে বাদীকে খুঁজতে থাকে। বাদীকে ঘরে না পেয়ে আসামিরা তার স্ত্রীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনার পর ভুক্তভোগী আইনজীবী গত ৮ জুলাই আদালতে একটি মামলা করেন। পরবর্তীতে আদালতের আদেশে রোববার অভিযোগটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।