নিজস্ব প্রতিবেদক
আটক আলমগীর ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়ার সাজেদুল ইসলাম রাকিবকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাচারের মামলায় গ্রেফতারকৃত ইতালি প্রবাসী আলমগীর হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই আদেশ দেন।
আসামি আলমগীর হোসেন বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত হাবিবার রহমানের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ইতালি প্রবাসী আলমগীর হোসেন ভুক্তভোগী রাকিবদের দূর সম্পর্কের আত্মীয়। রাকিবকে বৈধ ভিসায় ইতালি পাঠিয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আলমগীর ও তাঁর সহযোগীরা পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা নেন। এরপর ২০২৪ সালের ৯ জানুয়ারি আসামিরা রাকিবকে বাড়ি থেকে নিয়ে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় পাচার করে একটি চক্রের কাছে আটকে রাখেন। সেখানে রাকিবের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছে সেই নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে রাকিবকে হত্যার হুমকিও দেয় চক্রটি।
পরবর্তীতে ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে ২০২৪ সালের ৪ জুন রাকিবের মা সেলিনা বেগম বাদী হয়ে ইতালি প্রবাসী আলমগীর হোসেনসহ ৬ জনকে আসামি করে যশোর মানব পাচার দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের আদেশে ১০ জুন অভিযোগটি বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।
মামলাটি প্রথমে থানা-পুলিশ তদন্ত করলেও পরে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী কামাল হোসেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালিফেরত আলমগীর হোসেনকে গ্রেফতার করেন। গত ১২ জুলাই তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত আলমগীরের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আজ শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।