Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শাহনাজ পারভীনের কবিতা

কবিতা কবিতা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ১২:২৩ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০২:২৬ এ এম
শাহনাজ পারভীনের কবিতা

এ বছর বৈশাখে

বৈশাখে উড়ে আসে নতুনের দাগ-

চারিদিকে মুছে যাক রাগ, অনুরাগ।

শুকনো পাতার রাশি নিয়ে যত মরা-

বৈশাখে উড়ে যাক রোগ, শোক, খরা।

বৈশাখে ঝাঁকে ঝাঁকে উড়ে যায় বক-

নিকোনো উঠোন আজ করে ঝকমক।

মাঠ ভরা ধান ঢেউ ছড়িয়ে বাতাস-

উড়ে যায়, দূরে যায় সব হা-হুতাস।

ঝিরিঝিরি বৃষ্টির মেঘ কলতান-

বৈশাখে বাজে শুধু মৌ মৌ গান।

বৈশাখে মুছে যাক মহাসমারোহে-

দুর্নীতি, দুর্দশা সততার মোহে।

সম্প্রতি ভালোবাসা এসো বৈশাখে-

একসাথে মিলবোই কাঁধ রেখে কাঁধে।

দিন গুনতাম বছর ধরেই...

কাচের চুড়ি

রঙিন ঘুড়ি

চিনির হাতি, কদমা- কুড়ি, খই, বাতাসা

কিনব বলেই বছর ধরেই... দিন গুনতাম

দিন গুনতাম বোশেখ মেলায়

পুতুল নাচের

খেলনা কাচের

মটির হাঁড়ি, নতুন জামা

বেনির ফিতে হাওয়ায় ওড়ার দিন গুনতাম

দিন গুনতাম মেলায় গিয়ে বায়োস্কোপের

সাহেব বিবির দৃশ্যগুলো কি চমৎকার দেখা গেল

কোথায় কোথায় জঙ্গ হল

কতেক হাজার লোক মরল তাই শুনতাম

দিন গুনতাম বিশাল বটের ঝুরির নীচে

বৈশাখী গান মেলার জন্য

শহর এবং গাঁয়ের পণ্য

কাঠের ঘোড়া, নৌকা ও ষাঁড়

বাঁশের ঝুড়ি, নক্শা বেতের সব দেখতাম

দিন গুনতাম কাল বৈশাখীর মাতম হাওয়ায়

লাঠির খেলা

সারা বেলা

রঙিন ঝালর, কাগজ ফুলের হালখাতা আর পদ্মপাতায় মিষ্টি এবং গরম লুচির ঘ্রাণ শুকতাম

গুনতাম মাংস পোলাও পায়েস খাবার

দিন গুনতাম সবাই মিলে বাবার সাথে মেলায় যাবার।

 

ফেরিওয়ালার ডাক...

এই লেইস ফিতা, লেস

আছে সাবান কেস

চুলের ফিতা হাতের রেশমি চুড়ি

আলতা ঘুঙুর রূপার চাবি মিলবে না যার জুড়ি

নেবেন নেবেন, নেবেন, ভাবী, নেবেন?

এই নাকের নোলক কানের নানান দুল

মেহেদি, কাঁটা, চুলের রঙিন ফুল

গলার মালা কপালে লাল টিপ

 নেলপালিশ ও সন্ধ্যা বেলার দ্বীপ

সবই আছে নেবেন... নেবেন... নাকি নেবেন

হাতের আংটি ঠোঁটের লিপিষ্টিক

নেবেন নাকি ঠিক বলেছি ঠিক

ব্লাউজ সায়া ছোট্ট মনির শাড়ি

বেড়াই ঘুরে এই তো বাড়ি বাড়ি

এই নেবেন... নেবেন... নেবেন...

স্নো পাউডার চোখের কাজল লতা

রুজ, স্যাডো, ক্রীম ত্বকের কোমলতা

আইস্যাডো পিন বেচছি বুকের ব্রুস

সুই সুতা আর উলের কাটা ক্রুস

নেবেন... নাকি... নেবেন... নেবেন... নেবেন

মেকাপ বক্স আর ফেস পাউডার

সেফটিফিন ও লিপ লাইনার

ভ্যানিটি ব্যাগ... কাছে এবং দূর

ফেরিওলার ডাক যে সুমধুর

নেবেন... নেবেন... নেবেন... ভাবী... বোন

এই বোশেখে ফের শুনি তার ডাক

পাড়ায় পাড়ায় চলছে জোরে হাক

নেবেন নাকি স্যাম্পু লোশন ক্লিপ

নেবেন... ভাবী ফর্দ লেখার স্লিপ

নেবেন... নেবেন.. নেবেন মা... বোন নেবেন...

সব কিছু তাই কিনছে পাড়ার

মা বোনেরা রোজ

এই বোশেখে ফেরিওলার

খোঁজ পড়েছে খোঁজ...

নেবেন... নেবেন... নেবেন... ভাবী নেবেন

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)