নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া গ্রামের একটি মারামারি মামলায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫ জনকে খালাস দেয়া হয়েছে। রোববার এক রায়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে উজ্জল হোসেন ও টুটুল হোসেন, সাদেক আলী ও তার ছেলে সাগর হোসেন, শামীম এবং মৃত মালেক মোল্যার ছেলে জমির উদ্দিন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি সাদেক আলী ও সাহেব আলীর কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করছেন প্রতিবেশী মনিরুজ্জামান। এ জমি নিয়ে আসামিদের সাথে পরবর্তীতে দ্বন্দের সৃষ্টি হয়। এরই জের ধরে ২০২২ সালের ২২ মে এ জমি আমিন নিয়ে এসে সীমানা নির্ধারণের কাজ চলছিল। এরমধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আসামিরা আদাদুজ্জামান সরদারকে মারপিট করে গুরুতর জখম করে। আহত আসাদুজ্জামানকে উদ্ধার করতে গেলে জুলেখা খাতুন, মকবুল সরদার, এজাহার সরদারকে মারপিট করে জখম করে।
এ ঘটনায় আসাদুজ্জামানের ভাই মনিরুজ্জামান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাজ কিশোর পাল।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উজ্জল হোসেনকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড, শামীম হোসেনকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড এবং জমির উদ্দিন, সাগর হোসেন, টুটুল ও সাদেক আলীকে ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত উজ্জল হোসেন ও শামীম কারাগারে আটক আছে। বাকি চারজন আপিলের শর্তে জামিনে মুক্তি পেয়েছে।
ধ্রুব/এস.আই