Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাম্প ম্যানেজার নাহিদকে চাপা দিয়ে বাঘারপাড়ায় আত্মগোপনে থাকা চালক সুজাত আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৭:১৭ পিএম
পাম্প ম্যানেজার নাহিদকে চাপা দিয়ে বাঘারপাড়ায় আত্মগোপনে থাকা চালক সুজাত আটক

আটক চালক সুজাত মোল্যা ছবি: ধ্রুব নিউজ

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে পিষ্ট করে হত্যার মূল হোতা চালক সুজাত মোল্যাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬। রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ঘাতক ট্রাকটি বেনাপোল ট্রাক টার্মিনালে ফেলে রেখে চতুরতার সাথে আত্মগোপন করেছিলেন এই চালক।

রোববার সন্ধ্যায় যশোরস্থ র‌্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই ঘাতক চালককে ধরতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৬ এর একটি চৌকস দল। চালক সুজাত মোল্যা অত্যন্ত চতুরতার সাথে নড়াইল থেকে পালিয়ে গিয়ে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৫৫) বেনাপোল পৌর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রেখে যান। এরপর নিজের পরিচয় গোপন করে যশোরের বাঘারপাড়া উপজেলার এক দুর্গম এলাকায় আত্মগোপন করেন। তবে আধুনিক তথ্য-প্রযুক্তি এবং নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় র‌্যাব। রোববার বিকেলে বাঘারপাড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে ঘেরাও করে ফেলে র্যাব সদস্যরা, ফলে পালানোর কোনো সুযোগই পাননি তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে’ ডিজেল নিতে আসেন চালক সুজাত ও তার সহযোগী জহুর। স্টেশনে মজুত না থাকায় ম্যানেজার নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করলে চালক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে সজোরে ধাক্কা দিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। রাত ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তুলারামপুর রেল ব্রিজের কাছে পৌঁছালে ঘাতক চালক সুজাত পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলটি চাকার নিচে পিষ্ট করে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই ম্যানেজার নাহিদ সরদারের মর্মান্তিক মৃত্যু হয় এবং গুরুতর আহত জিহাদ মোল্যা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, নাভারণ হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। আটক চালক সুজাত মোল্যাকে নড়াইল সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার সহযোগী জহুরকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, সাধারণ এক বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)