নিজস্ব প্রতিবেদক
শনিবার (১৪ মার্চ) সকালে শহরের ভৈরব নদের তীরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটি মানববন্ধন করে ছবি: ধ্রুব নিউজ
নদী দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে দেশের নদীগুলো হুমকির মুখে—এই বাস্তবতাকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে শহরের ভৈরব নদের তীরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বাপা জেলা কমিটির সভাপতি ডা. আহসান হাবিবের সভাপতিত্বে এবং সদস্য শেখ রাকিবুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাপা নেতা অধ্যক্ষ পাভেল চৌধুরী, শিক্ষক নেতা অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান, অধ্যাপক গোপিকান্ত সরকার, শাহজাহান নান্নু, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক মুক্তার আলী, শিক্ষক নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার বালা, রুবাইদুল হক সুমন, রাশেদ খান, শ্রাবস্তি আহমদ, দীপক কুমার রায়, মাসুদুর রহমান টিটো ও জামিল আহম্মেদ মুকুলসহ বাপার স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, "এক সময় যশোরের প্রাণ হিসেবে পরিচিত ভৈরব নদ আজ দখল, দূষণ ও অবহেলার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে এবং অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।" তারা অবিলম্বে দখলদারদের উচ্ছেদ, দূষণ বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর মারাত্মক প্রভাব পড়বে।
এ সময় বাপার পাশাপাশি সমমনা সংগঠন অর্পণ মানব কল্যাণ সংস্থা, বঞ্চিতা, আইইডি এবং মহিলা পরিষদের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন।