নিজস্ব প্রতিবেদক
শনিবার সকাল ৯টায় শহরের ঘোপ বউবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করেন বিএনপি-র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। প্রতি শনিবার সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়।
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে শনিবার সকাল থেকে শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ হিসেবে ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার সকাল ৯টায় ঘোপ বউবাজার এলাকা থেকে জেলখানার মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন সংগঠনের কর্মীরা।
এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি-র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে সুন্দরভাবে গড়তে হলে আমাদের নিজেদের আঙিনা আগে পরিষ্কার রাখতে হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশ তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ যশোর শহরকে পরিষ্কার রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান।
ধ্রুব/এস.আই