ধ্রুব নিউজ
যশোরে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ছবি: ধ্রুব নিউজ
যশোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও যশোর পৌরসভার উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে একটি র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে এবং যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার উপস্থিতিতে এই র্যালিতে চিকিৎসক, স্টাফ নার্স ও ওয়ার্ড বয়রা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা স্বচ্ছ পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অন্যদিকে, একই দিনে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যশোর পৌরসভার আয়োজনে এডিস মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। প্রতি শনিবারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।