ধ্রুব ডেস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ছবি: সংগৃহীত
এবার ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগের আঙ্গুল তুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরাইল মধ্যপ্রাচ্যজুড়ে অশান্তির আগুন ছড়িয়ে দিচ্ছে এবং এর ফলে এই অঞ্চলকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণও করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ।
লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত এক নতুন গণহত্যার দিকে এগোচ্ছেন বলে শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ইসরাইলকে সতর্ক করেন । চলমান সংঘাত যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে উল্লেখ করে ফিদান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।
এ সময় তিনি তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে জানান, আঙ্কারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ফিদান স্পষ্ট করে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই আক্রমণ চলবে, ততক্ষণ এই অঞ্চল এক অনিবার্য ধ্বংসচক্রের মধ্যে আটকে থাকবে। তুরস্ক যেকোনো ধরণের উস্কানির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।’
ইসরাইলের কড়া সমালোচনা করে তিনি বলেন, পবিত্র আল-আকসা মসজিদে ইবাদতকারীদের প্রবেশে বাধা দেওয়া একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ, যা মুসলিম বিশ্বে নতুন করে অস্থিরতা তৈরি করবে।