নিজস্ব প্রতিবেদক
১২টি ককটেলসহ আটক লতান গাজী (৩৫) ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা নাউলী আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ সুলতান গাজী (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক সুলতান গাজী ওই গ্রামের জাফফার গাজীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানিয়েছেন, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির ভেতর থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়। র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ককটেলগুলো জব্দ করেন।
র্যাব আরও জানিয়েছে, আটক সুলতান গাজী একজন চিহ্নিত নাশকতাকারী এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বেও চুরি, অস্ত্র আইন এবং হত্যাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।
১২টি ককটেল উদ্ধারের এই ঘটনায় সুলতান গাজীর বিরুদ্ধে অভয়নগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।