❒ ধর্ষণ-হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধনে বক্তারা
নিজস্ব প্রতিবেদক
সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে “জনউদ্যোগ” যশোর ও “বাংলাদেশ মহিলা পরিষদ’র” মানববন্ধন । ছবি: ধ্রুব নিউজ
সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে দুটি সামাজিক সংগঠন। আজ সোমবার সকাল ১০ টায় "জনউদ্যোগ যশোর" ও "বাংলাদেশ মহিলা পরিষদ" যশোর শাখা স্থানীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করে।
জনউদ্যোগ এর আহবায়ক নাজির আহমেদের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে দুটি সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীরা যখন দেখে অপরাধ করেও পার পাওয়া যায়, তখন তাদের ভিতরে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ধর্ষণ ও হত্যার বিচার বছরের পর বছর ঝুলে থাকে। অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় বা অর্থের জোরে পার পেয়ে যায়, তখন সমাজ অপরাধপ্রবণ হয়ে ওঠে। নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলে সমাজ থেকে নারী নির্যাতন রোধ করা সম্ভব হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সুরধূনী সঙ্গীত একাডেমীর সভাপতি হারুন অর রশিদ, হাসিনুর রহমান প্রমুখ।
ধ্রুব/এস