নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল যশোর শাখা আয়োজিত ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক ছবি: ধ্রুব নিউজ
রাজনীতিবিদরা যদি চাঁদা নেওয়া বন্ধ করেন, তবে ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। আজ মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল যশোর শাখা আয়োজিত ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করার মতো নোংরা রাজনীতি পরিহার করব। আমরা প্রথমেই রাজপথে না নেমে গঠনমূলক সমালোচনা করব। বিগত ১৭ বছরের যে অপরাজনীতি ছিল, তা বর্জন করে আমরা 'কোয়ালিটি পলিটিক্স' বা মানসম্মত রাজনীতি করতে চাই।” তিনি আরও জানান, সরকারের ভালো কাজের সহযোগিতা ও তদারকির জন্য তারা ইতিমধ্যে 'ছায়া মন্ত্রিসভা' গঠন করেছেন।
বক্তব্যে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর পারিবারিক ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে মাতা-পিতার সন্তান, তারা দুজনেই বর্ণাঢ্য জীবনের অধিকারী। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আগে জামায়াতে ইসলামী বলেছিল; যেমন—সরকারি প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার না করা। ইতিমধ্যে সরকারি দলও সেই চর্চা শুরু করেছে।
বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি, পিপি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ল ইয়ার্স কাউন্সিল ও সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক ও অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহেল শামীম, অ্যাডভোকেট আর.এম. মঈনুল হক খান ময়না, অ্যাডভোকেট মনজুর কাদের আশিক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।