আব্দুর রশিদ, চৌগাছা
জানাযা পূর্ব বয়ান শুনছেন হাজারো ধর্মপ্রাণ মানুষ ছবি: ধ্রুব নিউজ
চৌগাছা, যশোর : চৌগাছা কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মুক্তাদির বিল্লাহর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ জোহর তার প্রিয় কর্মস্থল চৌগাছা কামিল মাদরাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় সেখানে।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র কামাল আহমেদ এবং সহকারী সেক্রটারী মাওলানা গিয়াস উদ্দীন।
এছাড়াও মরহুমের বিদায়ে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর আমির মাওলানা আব্দুল খালেক, মাওলানা মহাসিন আলী, মরহুমের ভাই মাওলানা দুরুল ইসলাম এবং ভাগ্নে হাফেজ মাওলানা মেহেদী হাসান যশোরী। জানাজায় ইমামতি করেন চৌগাছা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে প্রিয় এই মানুষটিকে শেষ বিদায় জানান।
উল্লেখ্য বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান মাওলানা মুক্তাদির বিল্লাহ । মৃত্যুকালে তিনি স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন।
মাওলানা মুক্তাদির বিল্লাহ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের (বিশ্বাস পাড়া) মাওলানা জয়নাল আবেদিনের পুত্র। তিনি বর্তমানে চৌগাছা পৌরসভার ২ নং ওয়ার্ডের পাঁচ নামনা গ্রামে সপরিবারে বসবাস করতেন। তার এই অকাল বিদায়ে পুরো এলাকায় এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।