নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনার মিছিলে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার (১৬ অক্টোবর) পৃথক দুর্ঘটনায় কিশোর ও বৃদ্ধসহ ৩ জন মারা গেছেন। এছাড়া বৃহস্পতিবার দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক স্কুলছাত্রী ঢাকায় নেওয়ার পথে মারা যান এবং মোটরসাইকেল আরোহী যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ, হাসপাতালের জরুরি বিভাগ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার জামতলা বাজার এলাকায় অজ্ঞাতনামা এক ট্রাকের ধাক্কায় হোসাইন (১৭) নামে এক বাইসাইকেল আরোহী কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। নিহত হোসাইন কোতোয়ালী থানার মথরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি জামতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে যশোর নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই জুয়েল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
একই দিন বেলা পৌনে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃষ্ণবাটি এলাকায় ইজিবাইকের ধাক্কায় মুজিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তিনি কোতোয়ালী থানার তপস্বীডাঙ্গা এলাকার বাসিন্দা। কৃষ্ণবাটি এলাকায় নির্মাণাধীন মসজিদের জন্য টাকা সংগ্রহের সময় বেনাপোল থেকে আসা একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, শহর এলাকায় রিকশার ধাক্কায় আহত অটোচালক নিজামউদ্দিন (৭০) শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মারা যান। নিহত নিজামউদ্দিন সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার দুপুরে তিনি দুর্ঘটনায় শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এছাড়া বৃহস্পতিবার বিকেলে যশোর-চৌগাছা সড়কের সিংহঝুলি টালীখোলা এলাকায় মিনি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই নিহত হন কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের নয়ন হোসেন (১৯)। তিনি মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে মামা হাসেম মুন্সীর বাড়িতে থাকতেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মিথিলা (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর তিনি মারা যান। নিহত মিথিলা চৌগাছা বিশ্বাসপাড়ার নাজমুল হোসেনের মেয়ে এবং চৌগাছা সরকারি ছারা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।