ধ্রুব নিউজ ডেস্ক
নিহত হিটলার বিশ্বাস (পূর্বের ছবি) ছবি: সংগৃহীত
দুর্গাপূজার ছুটিতে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরা আর হলো না পুলিশ সদস্য হিটলার বিশ্বাসের (৩৫)। পথেই ঘাতক বাসের নির্মম শিকারে পরিণত হয়ে চিরতরে থেমে গেল তার পথচলা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের সন্তান। তিনি ঢাকা জেলার দোহার থানাধীন শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন হিটলার বিশ্বাস। পথিমধ্যে বাবলাতলা এলাকা অতিক্রম করার সময় ‘সার্বিক পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, "সার্বিক পরিবহনের একটি বাসের ধাক্কায় আমাদের এক সহকর্মী নিহত হয়েছেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক বাসটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"