কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী ও বিশেষ অভিযানে দুই দিনে গ্রেপ্তার হয়েছেন নয়জন। তাঁদের মধ্যে দুজনের ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ মেলায় এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রকাশ্যে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে আরেকজনকে দেওয়া হয়েছে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড। পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এক ওয়ার্ড সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—কাশিপুর গ্রামের মিঠুন হোসেন (৩৫), রুদ্রপুরের মাস্টারপাড়ার শুভ (২১), শের আলী (৩১), পারলাটের বিলপাড়ার সাব্বির (২০) এবং সলেমানপুরের পালপাড়ার ইন্দ্রজিৎ বিশ্বাস (৪২)।
গ্রেপ্তারের পর মিঠুন ও শুভর ডোপ টেস্টের ফল পজিটিভ আসে। পরে সংক্ষিপ্ত বিচার আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। বাকি তিনজনকে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, ১৬ অক্টোবর কোটচাঁদপুর পৌর এলাকার টি অ্যান্ড টি পাড়া থেকে কৃষ্ণ দাস (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, প্রকাশ্যে গাঁজা সেবন, গাঁজা সংরক্ষণ এবং নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অন্যদিকে, ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার গাবতলাপাড়ায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ শাওন (২৪) ও সাজু আহমেদ (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পৌর পুলিশ ফাঁড়ির একটি দল। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এ ছাড়া শুক্রবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আমিরুল ইসলাম দুঃখু (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তারি কার্যক্রম চালানো হয়। মামলাটি গত ২১ সেপ্টেম্বর দায়ের করা হয়েছিল।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।