নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
একটি সড়ক দুর্ঘটনা থামিয়ে দিল কলেজ শিক্ষকের স্বপ্ন। মর্মান্তিক এ দুর্ঘটনায় হাসপাতালের পথেই দুনিয়ার সফর শেষ করেন তিনি। যশোর জেলার চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পাশাপোল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মকবুল হোসেন (৪৫) শুক্রবার (২৭ মার্চ ) সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল যোগে যশোর শহর থেকে নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে । যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত মকবুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের দাবি, সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ধ্রুব/এস.আই