অভয়নগর (যশোর) প্রতিনিধি
ছবি: ভিডিও থেকে নেওয়া
অভয়নগর: মাগুরা বাজারে আসন্ন গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে ব্যাপক গণসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার বিকেলে মাগুরা বাজার এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন ১ নং প্রেমবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের আল মাহমুদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে শিবিরের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, সাধারণ ক্রেতা ও পথচারীদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরেন। তারা “হ্যাঁ” ভোটের পক্ষে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে জনমত গঠনে কাজ করেন।
কর্মসূচিতে জুবায়ের আল মাহমুদ বলেন, "গণভোটের মাধ্যমে সরাসরি জনগণের মতামতের প্রতিফলন ঘটে। দেশের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
প্রচারণা চলাকালে ছাত্রশিবির নেতারা সবাইকে আগামী গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানান। তারা মনে করেন, “হ্যাঁ” ভোট প্রদানের মাধ্যমে জনগণ তাদের অধিকার ও সঠিক সিদ্ধান্তের পক্ষে রায় প্রদান করবে।
বিকেলে শুরু হওয়া এই প্রচার অভিযানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সাধারণ মানুষের মধ্যেও ক্যাম্পেইনটি নিয়ে ইতিবাচক আগ্রহ লক্ষ্য করা গেছে।