বেনাপোল(যশোর) প্রতিনিধি
প্রার্থীর হাতে দাাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন স্থানীয় তিন বিএনপি কর্মী ছবি: ধ্রুব নিউজ
শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলায় বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন পর্যায়ের তিন কর্মী সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেন।
যোগদানকারী নেতারা হলেন—পুটখালী গ্রামের মরহুম আজগার আলী মেম্বারের ছেলে সেলিম উদ্দিন, মরহুম মহিউদ্দিনের ছেলে মো. গিয়াসউদ্দিন এবং মরহুম মাওলা বক্সের ছেলে মো. দারজুল ইসলাম । তারা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নবাগত এই তিন নেতা যশোর-১ (শার্শা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমানের বাগআঁচড়াস্থ বাসভবনে উপস্থিত হন। সেখানে তার হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় তারা ইসলামের আদর্শ ও জামায়াতের ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আজীবন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবাগতদের স্বাগত জানিয়ে মাওলানা আজীজুর রহমান বলেন, দেশে ইনসাফ কায়েম ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আজ সাধারণ মানুষ জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হচ্ছে। আমরা সবাইকে সাথে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই।
তিনি নতুন সদস্যদের দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনসুর আলী, ওয়ার্ড সেক্রেটারি মো. মিলন হোসেন এবং ইউনিট সভাপতি হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।