এম মনির
ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ধ্রুব নিউজ
অ্যালবেনিজম রোগের কারণে গায়ের রঙ অতি ফর্সা। আর এই ভিন্নতার কারণেই সমাজের চোখে যেন এক বিচিত্র অস্তিত্ব ছিল যশোরের শিশু আফিয়ার। অধিকারবঞ্চিত এই শিশুটির জীবন ছিল অবহেলা আর দারিদ্র্যের মিশেলে এক কঠিন সংগ্রাম। কিন্তু সেই কষ্টের দিনে আশার প্রদীপ হয়ে জ্বলে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশে এবং দলের উদ্যোগে অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো আফিয়ার—মাথা গোঁজার জন্য সে পেল একটি নতুন পাকা ঘর।
সোমবার বিকেলে যশোরের সদর উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিশু আফিয়ার পরিবারের কাছে নবনির্মিত এই ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে তারেক রহমান রাজনীতির নতুন এক দর্শনের কথা বলেন। তিনি স্পষ্ট করেন , বিএনপি কেবল স্লোগান, মিছিল বা দোষারোপের রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না। তার ভাষ্যমতে, ‘বিএনপির আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমরা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও সম্মান নিশ্চিত করতে চাই।’ তিনি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার ছক তুলে ধরেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, খাল কাটা কর্মসূচির মাধ্যমে পানির সংকট দূর করা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও শিক্ষিত নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করা এবং মসজিদের ইমাম-খতিবসহ ধর্মীয় গুরুদের জন্য সরকারি সম্মানী ভাতার ঘোষণা তার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায়।
নতুন ঘরের বারান্দায় দাঁড়িয়ে শিশু আফিয়ার মা মনিরা খাতুনের চোখে ছিল আনন্দাশ্রু। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আফিয়ার গায়ের রঙ নিয়ে একসময় মানুষ নানা কথা বলত। আমাদের থাকার ভালো জায়গা ছিল না। আজ তারেক রহমান ও বিএনপির ভাইরা আমার বাচ্চার জন্য যে ঘর করে দিলেন, তাতে আমি চিরঋণী হয়ে থাকলাম।’ আফিয়ার মুখে লেগে থাকা সেই অমলিন হাসিই বলে দিচ্ছিল, সমাজের অবজ্ঞা ছাপিয়ে সে এখন এক সুরক্ষিত আশ্রয়ের মালিক।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন।