Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশাল মিছিলটি আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর নয়, ২০২৪ সালে গোপালগঞ্জের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১০:৩৫ পিএম
বিশাল মিছিলটি আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর নয়, ২০২৪ সালে গোপালগঞ্জের

ছবি: সংগৃহীত

আজ (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশাল মিছিলের দৃশ্য।
ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, ‘আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়...।’
‘Nijhoom Majumder-নিঝুম মজুমদার’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ ভিডিওটি শেয়ার করে লেখা হয়, ‘নাম তার আওয়ামীলীগ। চিনে রাখো। জেনে রাখো।’ এ ছাড়া ‘এ্যাডঃ ফয়জুল করিম মুবিন’ নামের আরেকটি পেজ থেকেও ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ‘হাজার হাজার নেতা কর্মী রাজপথে।’
শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী ভিডিওটিকে আজকের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বলে মনে করছেন, তবে কেউ কেউ এটিকে পুরোনো ভিডিও বলেও দাবি করেছেন।
আলোচিত ভিডিওটিতে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেলেও এটি সুনির্দিষ্টভাবে কোথায় এবং কবেকার, সে সম্পর্কে পোস্টে কোনো তথ্য দেওয়া হয়নি।
আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতা-কর্মীদের দেশের বিভিন্ন জায়গায় ছোটখাটো ‘ঝটিকা মিছিলের’ খবর পাওয়া গেলেও আলোচিত ভিডিওর মতো কোনো বড় মিছিলের তথ্য পাওয়া যায়নি।
পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘জি এম সাহাবউদ্দিন আজম’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৬ আগস্ট শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। ওই পুরোনো ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে,,,, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে,,,,।’ পেজটিতে একই দিনে একই ক্যাপশনে ভিডিওটি দুইবার শেয়ার করা হয়েছে। তবে একটি ভিডিওতে ‘উত্তাল গোপালগঞ্জ’ লেখাটি স্পষ্ট দেখা যায়।
এই সূত্র ধরে অনুসন্ধানে, ২০২৪ সালের ৭ আগস্ট জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করায় গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে থাকা একজন ব্যক্তির সঙ্গে ‘জি এম সাহাবউদ্দিন আজম’ নামের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবির মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে পরের দিন অর্থাৎ ৬ আগস্ট (মঙ্গলবার) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন। মিছিলে নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।
২০২৪ সালের ৬ আগস্ট গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিলের ফুটেজকে আজ ২৩ জুন দলটির ‘৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজপথে নেতা-কর্মীদের ঢল’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)