নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের এক পূজা মণ্ডপে শর্টসার্কিট থেকে লাগা আগুনের ছবিকে বাংলাদেশের যশোর জেলার ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। "জঙ্গিরা মণ্ডপে আগুন দিয়েছে"—এমন উসকানিমূলক বার্তা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলেও ঘটনাটির সঙ্গে যশোরের কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে যশোর জেলা পুলিশ।
আসল ঘটনা কী?
অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজার এলাকার একটি শ্যামাপূজা মণ্ডপের।
কালীপূজার আগের দিন মণ্ডপ উদ্বোধনের আগেই সেখানে প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়। ভারতে ঘটে যাওয়া এই দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ছবিকেই বিকৃত তথ্য দিয়ে বাংলাদেশে ছড়ানো হচ্ছে।
পোস্টাটি বিশ্লেষণ ও অনুসন্ধানে যে অসত্য ও অসঙ্গতিগুলো উঠে এসেছে-
উসকানিমূলক মিথ্যা দাবি: ভারতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে লাগা আগুনকে বাংলাদেশে "জঙ্গিদের দেওয়া আগুন" হিসেবে ভিত্তিহীন ও কাল্পনিকভাবে প্রচার করা হচ্ছে।
ছবি ও ব্যানারের অসঙ্গতি: প্রচারিত ছবির ব্যানারে ইংরেজিতে "I ♥️ JASORA KALIBAZAR" লেখা রয়েছে এবং মণ্ডপের যে নকশা দেখা যাচ্ছে, তার সঙ্গে বাস্তবে যশোরের কোন স্থানের মিল নেই। এমনকি যশোরে কারী বাজার নামে কোন স্থান নেই। তবে একাধিক কালিবাড়ি আছে।
জনস্বার্থে পুলিশের বার্তা
এ বিষয়ে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাম্প্রদায়িক উসকানিমূলক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য এবং সত্যতা যাচাই ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।