নিজস্ব প্রতিবেদক
অভয়নগর, যশোর: ডহরমশিহাটি গ্রামের হিন্দু বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় অভয়নগর উপজেলা বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান জনিকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২২ মে সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিহাটি গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে একটি সাংগঠনিক মিটিং করছিলেন। ওই সময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে পিন্টু বিশ্বাসের বাড়িতে ঢুকে তরিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তরিকুল ইসলাম নিহত হন। তরিকুল ইসলামকে হত্যার পর সন্ত্রাসীরা ওই হিন্দু পল্লীর পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের আরও কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, আসাদুজ্জামান জনি অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে আটক ছিলেন। ডহরমশিহাটি গ্রামের ঘটনায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এই নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন। গতকাল বুধবার সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয় এবং বিচারক জনিকে এই মামলায় আটক দেখানোর আদেশ দেন। উল্লেখ্য, আসাদুজ্জামান জনি অভয়নগর উপজেলা বিএনপির সাবেক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। বর্তমানে তাকে এই সহিংসতা ও অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।