Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঘোপের রহস্যময় আস্তানা

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি,২০২৬, ০৪:২২ পিএম
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি,২০২৬, ০৬:২১ পিএম
ঘোপের রহস্যময় আস্তানা

এই বাড়িতেই 'ফ্রিল্যান্সার পরিচয় দিয়ে থাকতো ৮ যুবক ছবি: ধ্রুব নিউজ

দিনভর ছদ্মবেশে নজরদারি, অতঃপর বিকেলে ঝটিকা হানা—সিনেমার গল্পের মতো নাটকীয়তায় ঘেরা এক অভিযানে যশোর শহরের ঘোপ বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে আট যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফ্রিল্যান্সার পরিচয়ে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে আসলে কী চলত, তা নিয়ে এলাকায় এখন হাজারো প্রশ্ন আর রহস্যের ধোঁয়াশা।

মঙ্গলবার সকাল থেকেই ঘোপ বউবাজার এলাকার ওই ভবনের আশপাশে সাধারণ পোশাকে কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করেন স্থানীয়রা। কেউ তখনো কল্পনা করতে পারেননি তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বিকেলে যখন ঢাকা থেকে আসা ডিবি পুলিশের বিশেষ টিম এবং যশোর কোতোয়ালি থানা পুলিশের একাধিক গাড়ি সাইরেন বাজিয়ে তিনতলা ওই ভবনটি ঘিরে ফেলে, তখন পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পেশায় তারা 'ফ্রিল্যান্সার'—এই পরিচয় দিয়েই ছয় মাস আগে ঢাকাবাসী নাজিম উদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন ওই আট যুবক। ভবনের কেয়ারটেকার কেদু জানান, দীর্ঘ সময় ধরে ফ্ল্যাটটির ভেতরে রুদ্ধদ্বার তল্লাশি চালায় পুলিশ। এরপর একে একে আটজনকে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে আসা হয়।

বাড়ির মালিক নাজিম উদ্দিন ঢাকা থেকে ফোনে জানান, তারা নিজেদের আইটি কর্মী পরিচয় দিলেও তিনি তাদের কারোরই প্রকৃত পরিচয় বা বিস্তারিত নাম জানতেন না। কোনো চুক্তিপত্র বা যাচাই-বাছাই ছাড়াই ফ্রিল্যান্সার পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা সেখানে কেন এতোদিন অবস্থান করছিলেন, তা এখন বড় এক রহস্য।

অপারেশনটি এতোটাই স্পর্শকাতর ছিল যে, স্থানীয় পুলিশের কাছেও বিস্তারিত তথ্য ছিল না। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল সংবাদ মাধ্যমকে বলেন, এটি ঢাকা ডিবি হেডকোয়ার্টারের একটি অত্যন্ত গোপন ও বিশেষ অভিযান। আমাদের ভূমিকা ছিল কেবল সহযোগিতা করা। আটকদের সরাসরি ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং কেন তাদের আটক করা হয়েছে তা আমাদের কাছেও পরিষ্কার নয়।

ঘটনার পর থেকে পুরো যশোর শহরে টক অফ দ্য টাউন এখন এই 'ফ্রিল্যান্সার' আটকের ঘটনা। পর্দার আড়ালে আসলে কী ছিল, তা জানতে এখন ডিবি পুলিশের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা।  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)