কেশবপুর(যশোর) প্রতিনিধি
ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ ছবি: সংগৃহীত
যশোর যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনস্বার্থ সংশ্লিষ্ট গাছ ও বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে পোস্টার সাঁটানোর অপরাধে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে কেশবপুর উপজেলার পাবলিক মাঠ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ।
আদালত সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের সমর্থকরা নির্বাচনী আইন অমান্য করে ওই এলাকার বিভিন্ন সরকারি গাছ এবং বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে পোস্টার লাগিয়ে দেয়। এই সুনির্দিষ্ট অপরাধে প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো দেয়াল, গাছ বা জনগুরুত্বপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ। কেশবপুর পাবলিক মাঠে এই বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।