নিজস্ব প্রতিবেদক
হত্যার সাথে জড়িত সন্দেহে ভোলা আটক ছবি: ধ্রুব নিউজ
যশোরের চিহ্নিত সন্ত্রাসী চশমা সাঈদ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিজের ভাড়া করা সন্ত্রাসীর হাতেই তিনি খুন হয়েছেন বলে উঠে এসেছে তদন্তে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূরুজ্জামান ভোলা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শেখ আশরাফুল আলম জানান, রোববার রাতে শহরের চৌরাস্তা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার (২৪ আগস্ট) তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক নূরুজ্জামান ভোলা যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, স্থানীয় এক দোকানীর সঙ্গে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বাসিন্দা চশমা সাঈদের বিরোধ ছিল। ওই দোকানে আগুন দেওয়ার জন্য ১০ হাজার টাকা ও মাদকের চুক্তিতে নূরুজ্জামান ভোলাকে ভাড়া করেন সাঈদ। চুক্তি অনুযায়ী ভোলা দোকানে আগুন দিলেও পরবর্তীতে তাকে পুরো টাকা না দিয়ে উল্টো গাছের সঙ্গে বেঁধে মারধর করেন চশমা সাঈদ।
এই ক্ষোভ থেকে গত ২৩ জুন রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চশমা সাঈদকে চাকু দিয়ে আঘাত ও গলা কেটে হত্যা করেন নূরুজ্জামান ভোলা। পরদিন ২৪ জুন সকালে রঘুরামপুরের একটি ঝোপের ভেতর থেকে চশমা সাঈদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।