বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
য়পুর ইউনিয়ন যুবদলের সদস্য আফজাল হোসেন ছবি: ধ্রুব নিউজ
রাজধানীর ওয়ারী থানায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালানো একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলা রায়পুর ইউনিয়ন যুবদলের সদস্য আফজাল হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) রায়পুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আফজাল বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইছা মেম্বারের ছেলে।
রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীর ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় গঠিত আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য হিসেবে এই যুবদল নেতার নাম আসায় এবং তার হেফাজত থেকে লুণ্ঠিত সোনা বিক্রির টাকাসহ বিপুল পরিমাণ অননুমোদিত সরঞ্জাম উদ্ধার হওয়ায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ মে রাতে ওয়ারী থানার নবাবপুর রোড এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ম্যানেজারকে ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে তাদের কাছ থেকে ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকার কমলাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ডাকাত চক্রটি।
এই ঘটনার পর ওয়ারী থানায় মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযানে নামে। গত ৬ জুন দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাঘারপাড়ার আফজাল হোসেনসহ ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ ভরি গলানো স্বর্ণ, সোনা বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ‘ডিবি’ লেখা তিনটি কটি (জ্যাকেট), দুটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, লাঠি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এলাকায় যুবদল কর্মী আফজালের বিরুদ্ধে চাঁদাবাজি, অন্যের গাছ কেটে বিক্রি ও দখল বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার পিতা ইছা মেম্বারের বিরুদ্ধেও যশোর ও বাঘারপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।