নিজস্ব প্রতিবেদক
ছবি: এ আই প্রণীত
যশোর শহরের দড়াটানায় মব সৃষ্টি করে প্রাইভেটকার ভাঙচুর ও চালক এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার (৫ জুন) গভীর রাতে ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী এবং শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন বাদী হয়ে এ মামলা করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের নাজির শংকরপুর এলাকার মাসুদ রানার ছেলে ইত্তি জাহাম্মী তাছিনকে আটক করেছে পুলিশ। মামলার পলাতক অপর আসামি হলো— শহরের ঘোষপাড়ার মাস্টারবাড়ির ভাড়াটিয়া নয়ন।
মামলার অভিযোগে জানা গেছে, পুলিশ সদস্য সোহরাব হোসেন তার স্ত্রী-সন্তান নিয়ে নিজস্ব প্রাইভেটকারে যশোর শহরের চিত্রামোড় হয়ে দড়াটানার দিকে আসছিলেন। রাত ৮টার দিকে চিত্রামোড়ে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত যান তাদের প্রাইভেটকারের সামনে ধাক্কা দেয়। এ সময় সোহরাব হোসেন প্রাইভেটকার চালিয়ে দড়াটানার দিকে চলে আসেন। এর মধ্যে অভিযুক্ত দুইজনসহ অপরিচিত কয়েকজন দড়াটানায় গিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে এবং সবাইকে নেমে যেতে বলে। প্রাইভেটকারের দরজা খোলার সাথে সাথেই আসামিরা মব সৃষ্টি করে তাদের টেনেহিঁচড়ে বের করে মারধর শুরু করে। চালক নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারটি ভাঙচুর করে।
ভুক্তভোগীদের চিৎকারে দড়াটানায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে হামলাকারী তাছিনকে আটক করতে পারলেও অপর হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় ওই রাতেই থানায় মামলা করা হয়। আজ শনিবার আটক তাছিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।