নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছার আলোচিত ঝন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবু ওবায়দুল্লাহকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-৬-এর গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।
এর আগে গত ১৯ মে রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার দক্ষিণসাগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে। ওই হামলায় তার ভাই আশানুর রহমানও গুরুতর আহত হন।
জানা গেছে, ঘটনার দিন ঝন্টুর ১৪ বছর বয়সী মামাতো বোন জুঁইকে দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে অপহৃত কিশোরীকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ঝন্টু মিয়া ও তার ভাইকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আবু ওবায়দুল্লাহকে প্রধান আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, ঝন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। তাকে যশোরে আনা হচ্ছে এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।