কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহে পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্সসহ (ফেনসিডিলের বিকল্প) পেশাদার মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া (বালিয়াডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ থানার বানুরিয়া গ্রামের মৃত ইলাহী মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী জীবন মন্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ মন্ডলের ছেলে ও জীবনের সহযোগী সুজন আহমেদ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া জীবন মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।
অভিযানের বিষয়ে পুলিশ জানায়, বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা সুজন আহমেদের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় হাতেনাতে ওই দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।