ক্রীড়া ডেস্ক
ফাইনালে ভারতের কাছে হারার পর হতাশ মারিয়া-ঋতুপর্ণারা ছবি: ধ্রুব নিউজ
এবার আর হলো না। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশ। ভারতের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় হ্যাটট্রিক ট্রফি জয়ের স্বপ্নও ভেস্তে গেছে মেয়েদের।
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়ে কামব্যাক করলেও, দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের হয়ে গোলটি করেন পেয়ারি জাজা।
তবে ম্যাচে ফিরতি খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে ঠান্ডা মাথায় বাঁ পায়ে ফিনিংশিং করেন ঋতুপর্ণা চাকমা। তাতে ১-১ সমতায় দুই দল বিরতিতে যায়। কিন্তু বিরতি শেষ হতেই আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ।
রেফারির বাঁশি বাজার প্রথম মিনিটেই গোল পায় ভারত। প্রথম গোলদাতা জাজার ক্রস থেকে হেডে গোলটি করেন ম্যাচসেরা সানফিদা। ম্যাচে ফিরতে মরিয়া হওয়া বাংলাদেশ সুযোগ তৈরি করলেও সমতায় আর ফিরতে পারেনি।
উল্টো ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। রক্ষণভাগের সুযোগটা কাজে লাগান লিয়ান্ডা কম।
পরে আর ফেরা হয়নি মারিয়া মান্দা-আফঈদা খন্দকারদের। ২০২২ ও ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারালেও এবার আরেক স্বাগতিক ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।