Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাইব্রিড বীজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আত্মসাৎ, তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:৪৮ পিএম
হাইব্রিড বীজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আত্মসাৎ, তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

হাইব্রিড বীজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার যশোর শহরের ধষ্টিতলা এলাকার বাসিন্দা এবং আলী সিড ফার্ম ও আলী কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী শাহনেওয়াজ আলী বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলো—ঢাকা জেলার সবুজবাগ এলাকার বাসিন্দা ও এ.এন ট্রেডার্সের স্বত্বাধিকারী ইয়াসমিন আনোয়ার এবং তার দুই সহযোগী ছৈোয়ার ও জিয়াউদ্দীন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইউএসএইড এগ্রিকালচার প্রোগ্রাম প্রজেক্টের চাকরির সুবাদে ঢাকার বাসিন্দা আরিফুর রহমানের মাধ্যমে আসামিদের সঙ্গে ব্যবসায়ী শাহনেওয়াজ আলীর পরিচয় হয়। আসামিরা নিজেদের বিদেশ থেকে উন্নতমানের হাইব্রিড ধান ও সবজির বীজ আমদানিকারক দাবি করে বাদীকে ব্যবসায়িকভাবে বীজ সরবরাহের প্রস্তাব দেয়। গত ৫ জুলাই ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে তারা জানায়, এক কোটি টাকা অগ্রিম প্রদান করলে একই দিনে বীজ সরবরাহ করা হবে।

ব্যবসায়ী শাহনেওয়াজ আলীর আস্থা অর্জনের উদ্দেশ্যে আসামিরা তার প্রতিষ্ঠানের নামে ১ কোটি ৫ লাখ টাকার একটি পে-অর্ডার নিরাপত্তা (সিকিউরিটি) হিসেবে দেয় এবং জানায়, বীজ সরবরাহ করা না হলে ওই পে-অর্ডারের মাধ্যমে টাকা ফেরত নেওয়া যাবে। পে-অর্ডারের কপি যাচাই করে তা সঠিক মনে হওয়ায় তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের যশোর শাখায় থাকা তার দুটি ব্যবসায়িক হিসাব থেকে আরটিজিএসের (RTGS) মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে মোট ১ কোটি টাকা পাঠান।

টাকা পাঠানোর পরও বীজ সরবরাহ না করায় সন্দেহ সৃষ্টি হলে ব্যবসায়ী শাহনেওয়াজ আলী প্রাইম ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাকে দেওয়া পে-অর্ডারটি জাল বা ক্লোন করা। বিষয়টি জানার পর ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট হিসাবের লেনদেন সাময়িকভাবে স্থগিত করে এবং সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। এরপর গত ৬ জুলাই ব্যবসায়ী শাহনেওয়াজ আলী যশোর কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। সর্বশেষ, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়ে এই মামলা দায়ের করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)