Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফেনসিডিল আটকের ৯ বছর পর চালকের যাবজ্জীবন, পিকআপ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৬:১৫ পিএম
ফেনসিডিল আটকের ৯ বছর পর চালকের যাবজ্জীবন, পিকআপ বাজেয়াপ্ত

সাজাপ্রাপ্ত চালক মোক্তার হোসেন ছবি: ধ্রুব নিউজ

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটকের ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ ৯ বছর পর রায় দিয়েছেন আদালত। মাদক বহনের অপরাধে পিকআপ চালক মোক্তার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত পিকআপটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের একিম আলী মণ্ডলের ছেলে এবং কালীগঞ্জের তেলকুপি গ্রামের রেজাউল শেখের ঘরজামাই। সংশ্লিষ্ট আদালতের এপিপি আনিসুর রহমান পলাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রায় ৯ বছর আগে অর্থাৎ ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে বেনাপোলের রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি অভিযান চালান। তারা বেনাপোলের নারায়ণপুর ত্রিপুরাপাড়া ব্রিজ এলাকায় সন্দেহভাজন একটি কাভার্ড পিকআপের গতিরোধ করেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতরে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৯১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই পিকআপটি জব্দ এবং চালক মোক্তার হোসেনকে আটক করে বিজিবি।

এ ঘটনার পরদিন বিজিবির হাবিলদার মামুনুর রশিদ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক ফিরোজ উদ্দিন চালক মোক্তার হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ ৯ বছর ধরে চলা এই মামলার সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে মোক্তার হোসেনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত পাওয়ায় আদালত এই রায় দেন। সাজাপ্রাপ্ত এই আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)