Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর আদালতে মামলা নিষ্পত্তিতে গতি, ৯ মাসে ৫৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৭:৪৯ পিএম
যশোর আদালতে মামলা নিষ্পত্তিতে গতি, ৯ মাসে ৫৪ জনের যাবজ্জীবন

আজ শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন ছবি: ধ্রুব নিউজ

যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে ফিরে এসেছে  গতি । চলতি বছরের প্রথম ৯ মাসেই (জানুয়ারি–সেপ্টেম্বর) জেলার বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ৫৪ জন আসামি। একই সাথে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার রেকর্ড ১৫৫.৪ শতাংশে দাঁড়িয়েছে।

আজ শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করা হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল।

সম্মেলনে উপস্থাপিত তথ্যচিত্র অনুযায়ী, ২০২৫ সালের পুরো বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়েছিল। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসেই ৪০০টি মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে দায়রা আদালতেই ২৬ জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন।

একই চিত্র ফুটে উঠেছে মাদক সংক্রান্ত মামলায়। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলায় সাজা হয়েছিল ৫৮টি এবং যাবজ্জীবন হয়েছিল ১৯ জনের। কিন্তু ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ১০৭টি মাদক মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ, দায়রা আদালত ও মাদক মামলা মিলিয়ে চলতি বছরের প্রথম ৯ মাসেই মোট ৫৪ জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

অন্যদিকে, দেওয়ানি মামলা নিষ্পত্তিতেও বড় সাফল্য এসেছে। ২০২৫ সালে যেখানে নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ (দায়ের ৭,৩৫১টি ও নিষ্পত্তি ৬,১০৭টি), সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪,৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬,৮২২টি মামলা। ফলে দেওয়ানি মামলার নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশ এবং বিচারাধীন মামলার সংখ্যা কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।

এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা জট কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদালতের বিভিন্ন ফৌজদারি, জি.আর ও সি.আর মামলার বিপরীতে মোট ১৩,৬০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইন কর্মকর্তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)