কোটচাঁদপুর প্রতিনিধি
ইয়াবা সহ আটক মাদক কারবারি ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৯১০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবদালপুর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জুয়েল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার এএসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভগবানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আসামির বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে ইয়াবা বিক্রির অভিযোগে মোঃ সুমন মন্ডল (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোশারফ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১ দশমিক ৯ গ্রাম ও আনুমানিক মূল্য ৫ হাজার ৭০০ টাকা এবং ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে। মামলা নং-০৬, তারিখ ১৩ নভেম্বর ২০২৬। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবুল বাশার কাজী।
অন্যদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আরেকটি বিশেষ দল সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ জুয়েল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার সাবদালপুর গ্রামের মৃত অহিদুল ইসলামের ছেলে। পুলিশি তথ্যমতে, তিনি সাবদালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
জুয়েল হোসেনের বিরুদ্ধে কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-১১৮/২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।