নিজস্ব প্রতিবেদক
যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছবি: সংগৃহীত
যশোরের অভয়নগরে বৃদ্ধা আছিয়া বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় আটক শুভর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন।
শুভ নড়াইল কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ বাড়িতে বোন সূর্য বেগমকে নিয়ে বসবাস করতেন ৭৫ বছর বয়সী আছিয়া বেগম। তার স্বামী আগেই মারা গেছেন। তিন মেয়ে বিবাহিত হওয়ায় তারা স্বামীর বাড়িতে বসবাস করেন। গত ১৯ অক্টোবর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা আছিয়া বেগমকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করে। পরদিন সকালে স্বজনরা তার মরদেহ দেখতে পান। এ ঘটনায় নিহতের মেয়ে পান্না বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। মামলা তদন্ত কালে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রফিকুল ইসলামকে ময়মনসিংহের তারাকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের ও সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এ তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম আটক শুভর সাত দিনের রিমান্ড ১ নভেম্বর আদালতে আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।