Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জলবায়ু মোকাবিলায় বাংলাদেশকে ৩ কোটি ডলার দিচ্ছে সিআইএফ

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১০:২৫ পিএম
জলবায়ু মোকাবিলায় বাংলাদেশকে ৩ কোটি ডলার দিচ্ছে সিআইএফ

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সামগ্রিক জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলারের তহবিল প্রদানের ঘোষণা দিয়েছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। প্রতিশ্রুত এই অর্থ দ্রুত ছাড়করণ, অগ্রাধিকারমূলক প্রকল্প নির্ধারণ এবং আগামী দিনের দ্বিপাক্ষিক সহযোগিতার রূপরেখা চূড়ান্ত করতে সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

​শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ভেন্যুতে অবস্থিত সিআইএফ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিআইএফের পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল উপস্থিত ছিলেন। অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধিদলে প্রতিমন্ত্রীর সঙ্গে জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ শাহ আদনান মাহমুদ এবং ইয়ুথ ফর এনডিসির প্রতিনিধি আমানউল্লাহ পরাগ অংশগ্রহণ করেন।

​পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের দেওয়া তথ্যমতে, সিআইএফের বিশেষ ‘অ্যারাইজ’ (ARISE) কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই ৩ কোটি ডলারের সর্বোত্তম ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। জলবায়ুজনিত ঝুঁকিকে অর্থনৈতিক বিনিয়োগের সুযোগে রূপান্তর করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

​আলোচনায় সিআইএফ কর্মকর্তারা জানান, বিশ্বের ছয়টি প্রধান বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের (এমডিবি) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই কর্মসূচির আওতায় আরও বড় পরিসরে সহ-অর্থায়ন পাওয়ার সুযোগ রয়েছে। অনুদান, শর্তসাপেক্ষ অনুদান, স্বল্পসুদে ঋণ, ইকুইটি বিনিয়োগ এবং গ্যারান্টিসহ নানাবিধ আর্থিক কাঠামোর মাধ্যমে এই তহবিল ব্যবহার করা যাবে। বিশেষ করে দেশের কৃষি, পানি সম্পদ, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতের জলবায়ু সহনশীলতা বাড়াতে এই অর্থ ব্যয়ের সুযোগ থাকছে। অর্থ ছাড়ের প্রক্রিয়া প্রসঙ্গে সংস্থাটি জানায়, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতগুলোর প্রকৃত চাহিদার আলোকে দেশীয় নেতৃত্বে একটি সুনির্দিষ্ট বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহযোগিতায় এই পরিকল্পনা তৈরি করে পরবর্তীতে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।

​বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভয়াবহ জলবায়ু ঝুঁকি এবং বিদ্যমান অবকাঠামোগত সংকটের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, উপকূলীয় এলাকায় এক থেকে দেড় দশক আগে নির্মিত অসংখ্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তীব্র লবণাক্ততার কারণে বর্তমানে জরাজীর্ণ ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এর পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট উপকূলবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। এমতাবস্থায়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি প্রস্তাব করেন, দুর্যোগকালীন আশ্রয়ের পাশাপাশি বছরের অন্যান্য সময়ে এসব কেন্দ্র যেন স্থানীয়দের শিক্ষা ও জীবন-জীবিকামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে, সেভাবেই এগুলোর সংস্কার ও নির্মাণ করতে হবে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রগুলোর ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করে সেখান থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাব্যতা নিয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়।

​দেশের বনায়ন ও উপকূলীয় সুরক্ষা কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই সাপ্তাহিক ভিত্তিতে পর্যবেক্ষণ করছেন। এই বিশাল কর্মযজ্ঞে রোপণকৃত মোট গাছের ৩৫ থেকে ৪০ শতাংশই ম্যানগ্রোভ প্রজাতির রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কার্বন নিঃসরণ হ্রাস, উপকূলীয় বাঁধ ও জনপদ সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

​পাশাপাশি বৈঠকে বাংলাদেশের ‘পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’ (পিপিসিআর) কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। সিআইএফ প্রতিনিধিরা স্বীকার করেন যে, ২০০৮ সালে যাত্রা শুরু করা এই কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে চূড়ান্ত মূল্যায়ন পর্যন্ত বাংলাদেশের পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। পিপিসিআরের বিনিয়োগ পরিকল্পনার সমাপনী প্রক্রিয়া সম্পন্ন করতে সিআইএফের ফলাফল মূল্যায়ন, গভর্ন্যান্স ও যোগাযোগবিষয়ক একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফরে আসবে। একই সঙ্গে আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে সিআইএফের গুরুত্বপূর্ণ ‘গভর্ন্যান্স সভা’ আয়োজনের বিষয়েও বাংলাদেশ সরকার সম্মতি প্রদান করেছে। সম্ভাব্য ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সভায় সিআইএফের বোর্ড সদস্য, পর্যবেক্ষক এবং বিভিন্ন উন্নয়ন ব্যাংকের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেবেন।

​বৈঠকের সমাপনীতে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা আরও সুদৃঢ় করা, কার্যকর ও সহজ শর্তে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)