Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন: বিজিএমইএ

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:৪০ পিএম
শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন: বিজিএমইএ

ছবি: সংগৃহীত

চলমান শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

​শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান বাবু। এর আগে প্রায় ২০০ কারখানার মালিকদের অংশগ্রহণে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, শিল্পের সার্বিক নিরাপত্তা ও উৎপাদন অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের মালিকরা এই অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী, বেআইনি ধর্মঘটের কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে ওই সময়ের জন্য আন্দোলনকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। রোববার ঠিক কতগুলো কারখানা বন্ধ থাকবে তা সুনির্দিষ্টভাবে না জানালেও তিনি উল্লেখ করেন, শনিবার পর্যন্ত অসন্তোষের মুখে ১৪৭টি কারখানা উৎপাদন চালাতে ব্যর্থ হয়েছে, যেখানে প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।

​ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত মাসের শেষ দিক থেকেই মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে, যা বিভিন্ন সময় সহিংস রূপ নিয়েছে এবং এতে এক শ্রমিকের প্রাণহানিও ঘটেছে। এরই ধারাবাহিকতায় শনিবারও গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ার ৪০টি কারখানা বন্ধ এবং ৭টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সংকট সমাধানে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে, যেখানে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে এবং আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

​পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মাহমুদ হাসান বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাতকে অস্থিতিশীল করতে একটি মহল উসকানি দিচ্ছে। সাধারণ শ্রমিকরা কাজে ফিরতে আগ্রহী হলেও কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক নিজেরা কাজ না করে অন্যদের বাধা দিচ্ছে এবং কারখানার ভেতরে ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি কারখানা থেকে বেরিয়ে দলবদ্ধভাবে অন্য প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হচ্ছে। গত ৭ থেকে ১২ দিন ধরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বহু কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

​শ্রমিক সংগঠনগুলোর ভূমিকার সমালোচনা করে বিজিএমইএ সভাপতি বলেন, মাঠ পর্যায়ের নেতারা সাধারণ শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন, যার ফলে মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংবাদ সম্মেলনে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ উভয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং সংকট উত্তরণে শ্রমিক সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)