নিজস্ব প্রতিবেদক
রঞ্জন মন্ডল হত্যাকান্ডে গ্রেপ্তারকৃত আসামি মিঠুন ধর এবং আব্দুল হান্নান গাজী ছবি: ভিডিও থেকে নেয়া
যশোর কেশবপুরের কালিচরনপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মন্ডল হত্যা মামলায় আটক দুইজনের তিনদিন করে বিমান মঞ্জুর করেছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল আসামিদের রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো মণিরামপুরের মহিষদিয়া গ্রামের বিষ্ণুপদ ধরের ছেলে পল্লী চিকিৎসক মিঠুন ধর ও সাতক্ষীরা কলারোয়া থানার দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী।
মামলার অভিযোগে জানা গেছে , গত ৭ নভেম্বর মনিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের হেলালের ঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে স্বজনরা লাশটি কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের রঞ্জন মন্ডলের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তার ভাতিজা দেবাশীষ মন্ডল বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে মনিরামপুর থানায় হত্যা মামলা করেন।
সিআইডির তদন্তে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর), বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়ভাবে অনুসন্ধান করে কাটাখালী বাজারে পল্লী চিকিৎসক মিঠুন ধরের সংশ্লিষ্টতার তথ্য পায়। গত ৬ নভেম্বর দুপুরে নিহত রঞ্জন মন্ডল কাটাখালী বাজারে পল্লী চিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর মিঠুন ধরকে এলাকায় পাওয়া যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি পুলিশ জানতে পারে আব্দুল হান্নান গাজীর সহায়তায় মিঠুন ধর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে সিআইডি যশোরের একটি দল কলারোয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মিঠুন ধর ও আব্দুল হান্নান গাজীকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি এসআই দেলোয়ার হোসাইন ৮ নভেম্বর আটক দুজনকে আদালতে সোপর্দ এবং সাত দিন করে রিমান্ড আবেদন করেন। গতকাল বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।