বেনাপোল প্রতিনিধি
আর্জেন্টিনার সমর্থকদের ২’শ মোটরসাইকেলের শোভাযাত্রা ছবি: বেনাপোল প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যশোরের বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে ২০০ মোটরসাইকেলের এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেলের এই শোভাযাত্রায় আর্জেন্টিনার পতাকা, জার্সি ও প্রিয় তারকা লিওনেল মেসির ছবি নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকেরা।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি বেনাপোল চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড হয়ে নাভারন বাজার প্রদক্ষিণ করে বেনাপোল পৌর গেট এলাকায় এসে শেষ হয়। বেনাপোল বাইকারহুডের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০টি মোটরসাইকেল অংশ নেয়।
বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও অ্যাডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে আর্জেন্টিনা ও মেসির সমর্থকদের একত্রিত করতেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, ফাইনালে আর্জেন্টিনা জয়ী হবে এবং সবাই একসঙ্গে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করবেন।
বেনাপোল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রায়হানুজ্জামান দিপু বলেন, ‘ম্যারাডোনার সময় থেকেই আমরা আর্জেন্টিনার সমর্থক। মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জয়সহ বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা জিতেছে দলটি। এবারও আমরা আশাবাদী, ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে।’
সমর্থক ওমর ফারুক বলেন, ‘এত বড় আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনা এবারও শিরোপা জিতবে।’
ফাইনালকে ঘিরে বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের এই মোটরসাইকেল শোভাযাত্রা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পথে পথে অনেকেই দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং সমর্থকদের উচ্ছ্বাসে যোগ দেন।