নিজস্ব প্রতিবেদক
এসির তামার তার ও বৈদ্যুতিক কেবল চুরির অপরাধে জিহাদ হাসান বাবু (২৫) নামে এক যুবককে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম একদিনের বিচারিক আদালতে এই রায়ের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জিহাদ হাসান বাবু যশোর সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়ার আরাফাত হোসেনের ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি বাসাবাড়ি থেকে এসি ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। ঘটনা পরবর্তী অনুসন্ধানকালে মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে স্থানীয় উৎসুক জনতা চুরির সংগে জড়িত সন্দেহে বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরবর্তীতে যশোর কোতোয়ালি থানা পুলিশ আটক বাবুকে প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদনসহ মঙ্গলবারই একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে। মামলার শুনানি শেষে এবং আসামি নিজের অপরাধ স্বীকার করায় বিচারক তাঁকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত বাবুকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।