কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড়বামনদহ মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রীকে ১১৩ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বড়বামনদহ গ্রামে এই আটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন— বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মামুন ও তার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. মামুন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে অবৈধ ইয়াবা বিক্রি করে আসছিলেন। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাঁদেরকে ঘেরাও করে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মামুনের পকেট থেকে ৭৩ পিস এবং তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ পিস—সর্বমোট ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই এলাকাবাসী তাদেরকে আটকে রেখে কোটচাঁদপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবাসহ অভিযুক্ত দম্পতিকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।