নিজস্ব প্রতিবেদক
শার্শায় পুলিশ সদস্য মামুনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা ছবি:
যশোরের শার্শায় পূর্শত্রুতার জেরে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শ্যামলগাছী গ্রামের ব্যবসায়ী পিন্টু রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর ভাই। শার্শা আমলী আদালতের বিচারক অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলো— একই গ্রামের আব্দুল বারেক, শফিয়ার রহমান, তহিদুল ইসলাম ও মশিয়ার রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, বাদী পিন্টু রহমান একজন সাধারণ ব্যবসায়ী। আসামিদের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের সাথে শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে গত ২৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে শার্শার শ্যামলগাছী গেট মোড়ে তিনি অবস্থান করছিলেন। এ সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে ঘিরে ধরে। আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে জখম করে। এর মধ্যে পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় আসামিরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হন।
উল্লেখ্য, সম্প্রতি যশোরের শার্শায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্যকে মারধরের ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে গত ৪ জুন শার্শা থানায় একটি মামলা হয়। ওই মামলাটি করেন পুলিশ সদস্য মামুনের ছোট ভাই রয়েল। এর দুইদিন আগে ২ জুন আদালতে এই মামলাটি দায়ের করেন বিএনপি নেতা মিন্টুর ভাই পিন্টু।