নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরের বাঘারপাড়া উপজেলার চাপাতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (০৬ জুন) সকাল ৮টায় চাপাতলা ঈদগাহ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান (২২) বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা আজমপুর গ্রামের খোকনের ছেলে। আহত নয়ন (১৫) একই গ্রামের মানিকের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রমজান ও নয়ন মোটরসাইকেলযোগে খাজুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাপাতলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।