নিজস্ব প্রতিবেদক
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আজাদুল কবির আরজু স্মরণে যশোরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত । ছবি: ধ্রুব নিউজ
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আজাদুল কবির আরজু স্মরণে যশোরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় নাগরিক শোকসভা কমিটি ঐতিহাসিক যশোর টাউনহল মাঠে এ স্মরণসভার আয়োজন করে। নাগরিক কমিটির আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব কাজী মাজেদ নওয়াজ।
আজাদুল কবির আরজুর বর্ণাঢ্য কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, বিশিষ্ট কবি ও লেখক আবদুর রব এবং যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, আরআরএফ-এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক মেরীনা আখতার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কথাসাহিত্যিক পাভেল চৌধুরী, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কবি কবির হোসেন তাপস, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলনী পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর প্রমুখ।
শোকসভায় বক্তারা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আজাদুল কবির আরজু ছিলেন একজন সমৃদ্ধ অনন্য হৃদয়ের মানুষ। তার কর্মময় জীবন আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মতো একজন খাটি দেশপ্রেমিক মানুষকে আজীবন স্মরণে রাখতে হলে এবং তার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হলে তরুণ ও নতুন প্রজন্মের মধ্যে তার আদর্শ ছড়িয়ে দেওয়া আজ জরুরি হয়ে পড়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আজাদুল কবির আরজুর আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত, গীতাপাঠ ও বাইবেল থেকে পাঠ করা হয়। তার কর্মময় জীবন নিয়ে ভিডিও ডকুমেন্টরি দেখানো হয়। শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে পরে তার প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে সংকলিত ‘জাগরণের মহাপ্রাণ’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
চলতি বছরের ২৪ জানুয়ারি, শনিবার দুপুর ১টা ০৫ মিনিটে শহরের পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. আজাদুল কবির আরজু। পরে দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আজাদুল কবির আরজু ছিলেন যশোর অঞ্চলের একজন সুপরিচিত সমাজ উন্নয়নকর্মী ও মানবিক নেতৃত্বের প্রতীক। তিনি জাগরণী চক্র ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করেছেন।
বাংলাদেশে দারিদ্র্য, বৈষম্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি যশোরে ‘জাগরণী চক্র’ গড়ে তোলেন। পরে এটি ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ নামে একটি বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় রূপ নেয়। প্রতিষ্ঠানটি নারী উন্নয়ন, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিশু অধিকার, মানবপাচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানা খাতে কাজ করে আসছে।
তার মৃত্যুতে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শোকের ছায়া নেমে আসে।
ধ্রুব/এস.আই