নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (১৬ মে) চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোর সদরের চাঁচড়া ইউনিয়নে দুই হাজার ৪২টি হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে জেলায় সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে নারীপ্রধান পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই পাইলট কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি সুবিধাভোগী নারীপ্রধান পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বিতরণের দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে একটি বাটন ক্লিক করে এই কার্যক্রমের সূচনা করার সাথে সাথে যশোরের সুবিধাভোগী নারীরা তাদের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ২৫০০ টাকা পেয়ে যান।
যশোরে আয়োজিত অনুষ্ঠানে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন: "আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। নির্বাচনের পূর্বে জনগণকে দেওয়া আমাদের সবচেয়ে বড় ওয়াদাটি আল্লাহর অশেষ রহমতে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। আজ প্রায় ২০৪২ জন মা-বোন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে পাচ্ছেন; এটি শুধু তাদের জন্যই আনন্দের বার্তা বয়ে আনেনি, আমরা যারা রাজনৈতিক কর্মী, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি বলে আমরাও অত্যন্ত আনন্দিত।"
তিনি আরও বলেন, আপাতত ৪টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মা-বোনেরা এই কার্ডের আওতায় এসেছেন। আগামীতে জনগণের দোয়া ও সমর্থন থাকলে সরকারের এই ৫ বছর মেয়াদেই যশোর সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম বিস্তৃত করা হবে।
বক্তব্যের শেষভাগে প্রতিমন্ত্রী ২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র, কৃষক, শ্রমিক ও যুবকদের আত্মত্যাগের কথা স্মরণ করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।