নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে সরকারি জমি ও খালের পাড়ের গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি সম্পদ আত্মসাৎকারী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
রোববার (২৯ মার্চ) সরেজমিন তদন্ত ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি গণমাধ্যমকে এই কঠোর অবস্থানের কথা জানান।
এনায়েতপুর গ্রামের সুইচ খালের পাশে লেবুতলা-তেলকুপ সড়কের গাছ কাটার স্থানটি পরিদর্শনের পর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, কাগজপত্র ও ম্যাপ অনুযায়ী এটি পানি উন্নয়ন বোর্ডের জমি। একটি কুচক্রী মহল সরকারি ছুটির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই গাছগুলো সাবাড় করেছে। জনগণের সম্পদ রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই লুণ্ঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও যোগ করেন, জেলা পরিষদের পক্ষ থেকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীদের ওপর হামলা ও হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এই নগ্ন হামলা চালিয়েছে, তাদেরও রেহাই নেই। গাছ চুরি এবং সাংবাদিকদের ওপর হামলা—উভয় অপরাধের জন্যই দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানিয়েছেন, মামলার জন্য প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত করা হচ্ছে। সরকারি সম্পদ চুরির এই ঘটনায় দ্রুতই থানায় মামলা দায়ের করা হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এই চক্রটি নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তবে জেলা পরিষদ প্রশাসকের এই অনড় অবস্থানের পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।