ঝিকরগাছা (যশোর)প্রিতিনিধি
মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ছবি: ধ্রুব নিউজ
ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংকদাহ গ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ মার্চ) ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংকদাহ গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন।
অভিযানে ব্যাংকদাহ গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে মাসুদ রানা (২৫)-কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ঝিকরগাছা থানার এসআই (নি.) মো. শহিদুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল। দণ্ড প্রদানের পর উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।